বিএনপির মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

বিএনপির রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়- তাই তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে জানালেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।’
‘জনস্বার্থ সরকারের লক্ষ্য নয়’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তাই আওয়ামী লীগ মানুষের আস্থায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল। মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।’



