ভূরাজনীতি

বিএনপি’র গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।

বিএনপি’র আন্দোলনের নেতা কে? দলের কাছে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁর বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের উদ্দেশে বলেন, কোন ভাবেই পকেট কমিটি করা যাবে না, কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশের যে কোন দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button