বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারির দাবি

মহামারি করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নির্বাহী আদেশ জারির দাবি জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফি নেওয়াজ নাসির ও সহ-সভাপতি মোঃ অলিউল্লাহ অলি এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি চলছে। তেমনই এক অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ দুর্বিষহ জীবনযাপন করছে।
তারা বলেন, ইতোমধ্যে কলাবাগানে দুই মাসের শিশু বাচ্চাসহ ভাড়াটিয়াকে বাড়িওয়ালি বের করে দিয়েছে। পরে প্রশাসনের সহযোগিতায় সেই ভাড়াটিয়াকে বাসায় উঠিয়ে দেয়া হয় এবং বাড়িওয়ালাকে গ্রেফতারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সাথে হুমকি-ধমকি এবং নানা নির্যাতন করছে বাড়ি ভাড়ার জন্য। আমরা প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এভাবে ভাড়াটিয়াদের পাশে থাকবেন বলে আমরা আশা করছি। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রামের মেয়র নাছির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, এমনকি দেশের খ্যাতিমান অনেক ব্যক্তি ও বাড়িওয়ালা বলেছেন ভাড়া নেবে না। আমরা তাদের স্বাগত জানাই।
তারা আরও বলেন, করোনার কারণে লকডাউন (সাধারণ ছুটি) হওয়ায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে । বাইরে বের হতে পারছে না। এ অবস্থায় জনশূন্যতার কারণে রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থের অভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দিতে বাড়ি ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নির্বাহী আদেশ জারির দাবি জানানো হয় বিবৃতিতে।



