বাড়লো মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। টাকার অঙ্কে যা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। আর এ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বিবিএসের এসব তথ্য তুলে ধরেন, পরিকল্পনামন্ত্রী।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হারসহ কতিপয় গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন ও প্রকাশ করে আসছে। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২০ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে।
বলেন, মোট জিডিপির আকার বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পাশাপাশি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। আর মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সামগ্রিকভাবে ভালো করেছি, তাই আমাদের মাথাপিছু আয় বেড়েছে।
তিনি আরো বলেন, গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় কৃষি খাতের ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত হিসাবে শতকরা ৩ দশমিক ১৭ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, যা সাময়িক হিসাবে ছিল ২ দশমিক ৩৭ ভাগ। চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে শস্য উপখাতে শতকরা ২ দশমিক ২৯ ভাগ, পশুপালন উপখাতে শতকরা ২ দশমিক ৯৪ ভাগ, বন উপখাতে শতকরা ৪ দশমিক ৯৪ ভাগ এবং মৎস্য খাতে শতকরা ৪ দশমিক ১১ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
অন্যদিকে, শিল্প খাতে ১০ দশমিক ২৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা প্রাথমিক হিসেবে ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ।
এছাড়া, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে ৭ দশমিক ৬৪ শতাংশ, যানবাহন খাতে ৪ দশমিক ০৪ শতাংশ, ব্যাংক ও বীমা খাতে ৫ দশমিক ৮২ শতাংশ, শিক্ষা খাতে ৫ দশমিক ৮১ শতাংশ ও স্বাস্থ্য খাতে ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮৬ ভাগ।



