বাংলাদেশ

বাড়ছে পানির দাম!

ভর্তুকি কমাতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা।

বুধবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ড সদস্য প্রকৌশলী তাকসিম এ খান।

তাকসিম এ খান বলেন, ‘আমরা পানির দাম ২০ শতাংশ বাড়াতে প্রস্তাব দিয়েছি।সরকার যদি আরো বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের। ’

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকা। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা। ’

তিনি আরো বলেন, ‘আইন অনুসারে প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি, ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। ’

এর আগে সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন তাকসিম এ খান। তবে বেশিরভাগ সদস্য এর বিপক্ষে মতামত দেন।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা।  আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দাম কার্যকর করতে চায় ঢাকা ওয়াসা।

Related Articles

Leave a Reply

Back to top button