বার্ন ইউনিট স্থাপন করা হবে পাঁচ বিভাগে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন দেশের পাঁচটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ প্রকল্পের অর্থায়ন দেবে সৌদি আরব।
সোমবার (২০ জুন) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপনের জন্য গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। এ ছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে।
আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকদের কাছে নেওয়া হলে জরুরি চিকিৎসা সেবা দিতে রাজি না হওয়ার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলক পত্র দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



