বাংলাদেশ

বাণিজ্য ও সীমান্ত হত্যা গুরুত্ব পাবে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। তবে করোনার কারণে এই বৈঠক সামনাসামনি হচ্ছে না। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনাটি হবে ভার্চ্যুয়ালি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, করোনা-পরবর্তী সহযোগিতার বিষয়টি দুই সরকারপ্রধানের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া বাণিজ্য সম্পর্ক বাড়ানো, সীমান্ত হত্যা বন্ধ ও অভিন্ন নদীর পানি বণ্টনসহ দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের নানা দিক আলোচনায় আসবে।

দুই প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। এর দুই ঘণ্টা আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে রয়েছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, বরিশালে প্রকল্প স্থাপন ও হাই ইমপেক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের যতগুলো বড় বড় ইস্যু আছে, সব ইস্যুই আমরা বৈঠকে তুলব। পানি সমস্যা, সীমান্তে অনিশ্চয়তাসহ সব কটি ইস্যুই তুলে ধরব।’

এই শীর্ষ বৈঠক নিয়ে গত সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুই শীর্ষ নেতা করোনা-পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদার করাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন। করোনা মহামারিতে দুই নেতা নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। ওই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এবারের শীর্ষ বৈঠকের বিষয়ে বাংলাদেশের কূটনীতিকেরা জানিয়েছেন, বরাবরের মতোই ঢাকার দিক থেকে নানা ধরনের বাধা দূর করে বাণিজ্য সম্পর্ক বাড়ানো, সীমান্ত হত্যা বন্ধের মাধ্যমে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করা এবং অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়গুলোয় জোর দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button