বাংলাদেশ ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী, শতাধিক উন্নয়ন কাজের উদ্বোধন

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।
শেখ হাসিনার এ জনসভায় রেকর্ডসংখ্যক নেতাকর্মী উপস্থিতি হয়েছেন। সকাল থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন। সমাবেশ জমিয়ে তুলতে এরই মধ্যে সাংস্কৃতিক মঞ্চ থেকেও চলছে একের পর এক পরিবেশনা। জনসভা বিকেলে হলেও এরইমধ্যে জনসমুদ্র্রে পরিণত হয়েছে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ। তাকে সামনে থেকে এক নজর দেখার অপেক্ষায় সবাই। লাখো মানুষের স্লোগানে মুখর জনসভা ময়দান।
দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিকেলে সার্কিট হাউস মাঠ থেকে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ৩০টির ভিত্তিস্থাপনের কথা রয়েছে তার। এছাড়াও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিকেলে ভাষণ দেবেন তিনি।



