অন্য খবর

বাংলাদেশে ‘জওয়ান’র অগ্রিম টিকিট পাওয়া যাবে ৬ সেপ্টেম্বর থেকে

অপেক্ষার প্রহর শেষ হবার পালা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বলিউড কিং খান শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। গতকাল (৩ সেপ্টেম্বর) দেশের সেন্সর বোর্ডে সিনেমাটি জমা পড়েছে। বাংলাদেশে মুক্তির ছাড়পত্র মেলার আগেই জানা গেছে, আগামী বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে শুরু হবে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সিনেমাটির আমদানি কারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি। এতে লিখেছেন, বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং।
অনন্য মামুন জানান, বিশ্বজুড়ে মুক্তির দিনই বাংলাদেশে দেখা যাবে ‘জাওয়ান’। গতকাল (৩ সেপ্টেম্বর) সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।
এসময় জাওয়ান দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার আশা ব্যক্ত করেন মামুন। তিনি বলেন, আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।
‘জওয়ান’ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। আক্ষরিক অর্থে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে এটি। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমা এটি।
এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে পর্দা কাঁপাবে দক্ষিণী সুন্দরী নয়নতারা। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। সিনেমাতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি।

Related Articles

Leave a Reply

Back to top button