
আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা এলেন বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
করোনাভাইরাসের কারনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ত্রিপুরা সফরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (২৮ মে) উভয় দেশের আলোচনা ভিত্তিতে এসব শিক্ষার্থীদের বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আনা হয়। রীভা গাঙ্গুলি শিক্ষার্থীদের ঢাকা থেকে আখাউড়া সীমান্তে পৌঁছে দেন।
রীভা গাঙ্গুলি দাশ জানান, বাংলাদেশে যেসব ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাদের নিরাপদে ভারতীয় সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনিও সঙ্গে এসেছে। বাংলাদেশ থেকে আসা ভারতীয় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সীমান্তে ত্রিপুরা সরকার কী ব্যবস্থা করে রেখেছে, তা ঘুরে দেখেছেন। এদিন শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশে আটকে থাকা কয়েকজন ভারতীয় নাগরিক এসেছেন। এদিনই তিনি ঢাকা ফিরে যাবেন বলে জানান।
এদিকে এসব শিক্ষার্থীদের গ্রহণ করতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার পশ্চিম আসনের সংসদ সদস্য প্রতিমা ভৌমিক। তিনি জানান, বাংলাদেশ থেকে যারা ত্রিপুরা রাজ্যে এসেছে, তাদের সবার নমুনা পরীক্ষা করা হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত তাদের সবাইকে আগরতলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।
শিক্ষার্থীসহ মোট ১২৯ জন ত্রিপুরায় এসেছেন বলে জানান তিনি।



