বলিউড অভিনেত্রী লারা দত্তের বাড়ি সিলগালা

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স লারা দত্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি রক্ষায় ইতোমধ্যেই তার বাড়ি সিল করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
এমনকি অভিনেত্রীর বাড়িটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ ঘোষণা করে গেটের বাইরে একটি নোটিশ টানানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি লারা।
এনডিটিভির খবরে বলা হয়, এক পাপারাজ্জি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর পুরো বিষয়টি সামনে আসে।
লারা দত্ত মিস ইউনিভার্সের খেতাব জেতার পর বলিউডের সিনেমায় নাম লেখান। এরপর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এক সময়ে অভিনয়ে নিয়মিত থাকলেও মাঝে বেশ কয়েক বছর বিরতিতে ছিলেন তিনি।
বিরতির পর ২০২১ সালে নতুন সিনেমায় দেখা গেছে লারা দত্তকে। অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ ‘কৌন বনেগি শিখরবত’। এই ওয়েব সিরিজে তার সঙ্গে সোহা আলি খানকে দেখা গেছে।


