বরিশালের ইউএনও-ওসির বিরুদ্ধে মামলা

বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে গত ১৯ আগস্ট রাতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২২ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।
ওই ঘটনায় পরের দিন (১৯ আগস্ট) পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একটির বাদী হন ইউএনও নিজে। অন্যদিকে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।



