১৩ম দিনে ড. জাফর ইকবালের হাতেই অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

আন্দোলনের ১৩ম দিনে বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের হাতে অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত ২৮ শিক্ষার্থী।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে সস্ত্রীক ক্যাম্পাসে এসে পানি পান করিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ ৭ দিনের অনশন ভাঙান শাবিপ্রবির এই সাবেক শিক্ষক।
এসময় ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে তাই! তবে আমার ছেলে-মেয়েদের ওপর বিশ্বাস ছিল, তাই এসেছি। আমি সংকল্প করে এসেছি তোমাদের অনশন ভাঙিয়ে তারপর আমি সিলেট ছাড়ব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও, তবে অনশন ভেঙে আন্দোলন করো। আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস! আমি এসেছি তোমাদের অনশন ভাঙাতে। পরে সকালে শিক্ষার্থীরা তার হাতে পানি পান করে অনশন ভাঙেন।
তিনি বলেন, আমি মনে করেছিলাম যারা অনশন করতেছে তাদের যথাযথভাবে মেডিক্যাল সাপোর্ট দিচ্ছে। তবে এখানে এসে যা দেখলাম তা দেখে খুবই হতাশ হয়েছি। চিকিৎসা না দিয়ে ডাক্তাররা খুবই অমানবিক কাজ করেছেন।
জাফর ইকবাল বলেন, এই কয়দিনে তোমরা দেশের সব মহলকে দেখিয়ে দিয়েছ। তোমাদের কথা সবার কাছে পৌঁছে গেছে। আমি নিজেও এখান থেকে ফিরে তোমাদের কথা পৌঁছে দেব। আমি চাই না তোমরা নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দাও। তাই তাড়াহুড়ো করে চলে এসেছি তোমাদের দেখতে আর অনশন ভাঙাতে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে টাকার অনুদান তুলে দেন জাফর ইকবাল। তিনি বলেন, আমি তোমাদের হাতে ১০ হাজার টাকা তুলে দিলাম। এখন দেখি আমাকে কে গ্রেফতার করে? আমি দেখতে চাই কারা আমাকে অ্যারেস্ট করতে আসেন।
উল্লেখ, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ’ ছাত্রী।
এ ঘটনায় ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া ১৬ জানুয়ারি ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে ভিসিকে মুক্ত করে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। শুরুতে ২৪ জন শিক্ষার্থী অনশনে অংশ নেন। পরে ১ জন পারিবারিক কারণে অনশন থেকে বাড়িতে চলে যায়। এরপর রোববার (২৩ জানুয়ারি) গণঅনশনের অংশ হিসেবে নতুন করে যোগ দেন আরও ৫ শিক্ষার্থী। ফলে শেষ পর্যন্ত অনশনে অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২৮ জনে। ২৬ জানুয়ারি শিক্ষার্থীদের সে অনশনের অবসান হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) আন্দোলনকারীরা তাদের সহপাঠীদের অনশন ভাঙার ঘোষণা দেন। তবে তারা চেষ্টা করলেও অনশনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন এবং অনশন চালিয়ে যান। এর আগে শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করে তা সফলতার পথ পায়নি। অবশেষে শেষ আশ্রয়স্থল হিসেবে ড. জাফর ইকবালের ভরসা পেয়ে অনশন ভাঙতে সম্মত হন শিক্ষার্থীরা।



