ফরাসি নাগরিকদের পাকিস্তান ত্যাগের আহ্বান ফ্রান্সের

পাকিস্তানে অবস্থিত ফ্রান্সের দূতাবাস ফরাসি নাগরিকদের পাকিস্তান ত্যাগের আহ্বান জানিয়েছে ।
ফ্রান্স সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেয়ায় পাকিস্তানে ফ্রান্সবিরোধী চলমান বিক্ষোভের মধ্যেই গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ আহ্বান জানানো হয়। এরইমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন। [খবর বিবিসির] ।
পাকিস্তানের ফরাসি দূতাবাস জানিয়েছে, পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। দিন দিন বিক্ষোভ শক্তিশালী হচ্ছে। যা ফরাসি স্বার্থের জন্য মারাত্মক হুমকি।
কট্টরপন্থি ইসলামী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) নেতা সাদ হুসাইল রিজভীকে আটকের পর মূলত চলতি সপ্তাহে ফ্রান্সবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে। যদিও ইমরান খানের সরকার এরইমধ্যে টিএলপিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে।
গেল নভেম্বরে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার ও ফরাসি পণ্য বর্জনের দাবি তুলে আন্দোলনে নামে টিএলপি। পাক সরকারের অনেক মন্ত্রীও এ আন্দোলনে সমর্থন দেন। প্রধানমন্ত্রী ইমরান খানও তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেন। যদিও পণ্য বয়কটের সরকারি কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ইমরান খান।



