প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক: বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী, ব্যবসা ও জনবান্ধব বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনের পরে এফবিসিসিআই-এর সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন এই মন্তব্য করেন। আর ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই’র সভাপতি রিজওয়ান রাহমান বাজেটকে অন্তর্ভুক্তিমূলক বাজেট বলে অভিহিত করেছেন।
এফবিসিআই-এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, বাজেট বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সুশাসন আর তদারকি বাড়াতে হবে।
এদিকে, ডিসিসিআই-এর সংবাদ সম্মেলনে সভাপতি রিজওয়ান রাহমান প্রস্তাবিত বাজেটকে অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বাজেট বাস্তবায়নে সক্ষমতা, দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। গেল অর্থবছরে স্বাস্থ্যখাতের বরাদ্দের অর্থ খরচ করতে না পারার বিষয়টি উল্লেখ করে যথাযথ জায়গায় খরচের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। ডিসিসিআই সভাপতি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসা খাতে আত্মবিশ্বাস বাড়বে। তবে রাজস্বের লক্ষমাত্রা নিয়ে আবারও ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে করের আওতা বাড়ানোর কথা বলেন তিনি।
বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আইবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ নিউজ নাউ বাংলার সাথে প্রস্তাবিত এই বাজেটকে জনগণ বান্ধব ও ব্যবসা বান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন। মাতলুব আহমাদ বলেন, “এক কথায় চমৎকার বাজেট হয়েছে। ব্যবসায়ীরা যা চেয়েছেন তার বেশিই পেয়েছেন। কর্পোরেট কর কমিয়ে দিয়েছে সরকার, কোভিড সম্পর্কিত ব্যবসায়ে সাহায্য করেছে, প্রান্তিক ব্যবসায়ীরা যাতে টাকা পায় এবং তারা যেন ব্যবসায়ে টিকে থাকে সে ব্যবস্থাও করা হয়েছে। তবে কম্পিউটার ও কম্পিউটার পার্টসে দেখলাম করারোপ হয়েছে। বাংলাদেশ এখনো এই খাতে স্বযংসম্পূর্ণ হয়নি। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই খাতে করারোপের বিষয়টি পূণর্মূল্যায়ন দরকার।



