ভূরাজনীতি

বিএনপির সমাবেশ কোথায়, সিদ্ধান্ত হবে রাতেই

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চেয়েছে বিএনপি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এজন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

তাহলে আপনারা (বিএনপি) কী পল্টনের সিদ্ধান্ত থেকে সরে এলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরকতউল্লা বুলু বলেন, ‘ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে। রাতেই সিদ্ধান্ত হবে স্থান সম্পর্কে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি না। দুই মাঠের (কমলাপুর স্টেডিয়াম বা বাঙলা কলেজ) যেটা পছন্দ, সেখানেই হবে সিদ্ধান্ত।

সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতার বিষয়ে বুলু বলেন, যারা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারেও কথা হয়েছে। আজকে দুজনের জামিন হয়েছে। আর নতুন কোনো মামলা দেবে না এবং আমাদের উকিল কোর্টে দাঁড়ালে আগামী সোমবারের মধ্যে তাদের জামিন হয়ে যাবে। রিমান্ডও চাইবে না বলে তারা (পুলিশ) প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

আজ রাতেই দুটি মাঠ পরিদর্শনে যাবে বিএনপি। পরিদর্শন শেষে মাঠের বিষয়ে স্থায়ী কমিটিকে জানাবেন তারা। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button