প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবসর দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ শেষ হওয়ায়, তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে বুধবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তাকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) প্রদান করা হয়েছে।
ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে গত বছর ২৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করলেন।
মেয়াদপূর্তিতে মুখ্য সচিব কায়কাউসের অবসরের আদেশ হলেও বুধবার বিকাল পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মত, মুখ্য সচিব আহমেদ কায়কাউসও চুক্তিতে একই পদে
নিয়োগ পেতে পারেন বলে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন ছিল।
২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।
১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।



