‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া নতুন দুটি উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৪ মার্চ) হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এ উদ্বোধন ঘোষণা করেন প্র্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব এম মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উড়োজাহাজ দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। প্রধানমন্ত্রী নিজেই উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন।



