পুনিতের ৪২টি অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমে শোকের মাতম, ৩ ভক্তের মৃত্যু

ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা-গায়ক পুনিত রাজকুমারের হঠাৎ মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে, এ অভিনেতার নিজের হাতে গড়া ২৬টি অনাথাশ্রম ও ১৬টি বৃদ্ধাশ্রমের সবার।
এদিকে, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অকাল প্রয়াত এই অভিনেতার মৃত্যুতে এক ভক্ত আত্মহত্যা করেছেন ও দু’জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল শুক্রবার জিমে শরীরচর্চা করতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী ভারতীয় এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ইসিজি করানো হয়। সেখান থেকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা জানান, অচেতন অবস্থায় পুনিতকে হাসপাতালে আনা হয়, পরীক্ষা করে দেখা গেছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, তিনি ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ ছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, কর্ণাটকের বিভিন্ন স্থানে ৪৫টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনিত। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার ছিল এই অভিনেতার কাঁধে। এছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো ২৬টি অনাথাশ্রম, ১৯টি গরুর খামার এবং ১৬টি বৃদ্ধাশ্রম। পুনিতের মৃত্যুতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলছে।
বাবা কন্নড় সিনেমার ‘ম্যাটিনি আইডল’ রাজকুমারের শুরু করা নানা জনকল্যাণমূলক উদ্যোগ তিনি তত্ত্বাবধান করতেন। এমনকি বাবার মতো আগেই মরণোত্তর চক্ষুদান করেছেন পুনিত রাজকুমার। সূত্র : এনডিটিভি, নিউজ এইটটিন ও টিভি নাইন।


