রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০১ ঘর, নিহত শিশু

কক্সবাজারের উখিয়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে আর তিন শতাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার লম্বাশিয়া ৫ নম্বর ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, আগুন লাগার ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় প্রায় ৩০১ ঘর আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার পর প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার একটি শরণার্থী শিবিরে এক অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। ওই ঘটনায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারান।
তারআগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



