অন্য খবর

পানামাকাণ্ডে বিপাকে বচ্চন পরিবার, ঐশ্বরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব

পানামা পেপারসের ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর: এনডিটিভি।

সোমবার (২০ ডিসেম্বর) এ অভিনেত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে , ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপুল সম্পত্তি রয়েছে বিদেশে। পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। এছাড়াও নাম আছে অজয় দেবগণের।

এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দুইবারই অভিনেত্রী সময় চেয়ে নিয়েছিলেন।

বেশ কিছুদিন ধরে ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপারস কাণ্ডের তদন্ত করছে। বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।

‘পানামা পেপারস’ হল ১ কোটি ১৫ লাখ গোপন নথি, যা ২০১৬ সালের এপ্রিল মাসে ফাঁস হয়েছিল। বিভিন্ন দেশের অনেক মানুষ বিদেশে কত পরিমাণ সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল সে সময়। নথিগুলোর কিছু ১৯৭০-এর দশকের। পানামার একটি ল’ ফার্ম এবং করপোরেট পরিষেবা প্রদানকারী সংস্থা মোসাক ফনসেকা এই নথি তৈরি করেছিল। মূলত কর ফাঁকি দেওয়ার জন্যই বিদেশে সম্পদ গচ্ছিত রাখা হয়েছিল বলে দাবি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button