পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম ডন এ কথা জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন।
আর দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।
নিহত সেনারা হলেন হাবিলদার তারিক, সিপাহি আরশাদ, কাশিফ, জুনাইদ, ইজাজ, ওয়াকাস ও জাওয়াদ মির। একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়।
কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় সন্ত্রাসীরা আফগান সীমান্তবর্তী দাতাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়। হামলায় সাত সেনা নিহত হন বলে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কর্মকর্তারা।



