বিশ্ব

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রীর ঘোষণা দিলো বিরোধীরা

শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন বিরোধীরা।

সেসঙ্গে, ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের আদেশকে অবৈধ ঘোষণা করে তারা। ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পর এই ঘোষণা দিলো তারা।

শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ।

পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন। তাতে তিনি দাবি করেছেন, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সাংসদ আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন।

সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন। পার্লামেন্টে ইমরান খানের শাসক জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সাংসদেরা।

২৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হওয়ার পর পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে এটি একটি প্রতিবাদী পদক্ষেপ বিরোধীদের। নিয়মানুসারে, স্থগিত হওয়া অধিবেশন কেবল প্রেসিডেন্ট বা স্পিকার ডাকতে পারেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দিনের শুরুতে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন।

শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারিসহ বিরোধী নেতারা ডেপুটি স্পিকারের পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যায়িত করেছেন এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button