বাংলাদেশ

পাকিস্তানিরা স্বেচ্ছায় জাতীয়ভাবে দুঃখপ্রকাশ করবে: আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে আশা প্রকাশ করেছেন, পাকিস্তানিরা জাতীয়ভাবে একাত্তরে তাদের সামরিক বাহিনীর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে।

শনিবার ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করবো, পাকিস্তানের নতুন প্রজন্ম, যারা এর সাথে সম্পৃক্ত ছিল না, তারা এই ব্যাপারে এগিয়ে আসবে।

তাদের যদি নিজেদের বোধোদয় না হয়, তাহলে কিন্তু আরও অপকর্ম করার সম্ভাবনা আছে। সে কারণে আমার আশাবাদ এই দিনে যে, পাকিস্তানিরা স্বেচ্ছায় আমাদের কাছে জাতীয়ভাবে দুঃখপ্রকাশ করবে।

তিনি বলেন, একাত্তরে নিরীহ বাঙালিদের ওপর হত্যাযজ্ঞের পরও ক্ষমা না চাওয়াকে খুবই দুঃখজনক।

আব্দুল মোমেন বলেন, আমি প্রায়ই বলি, পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত। এই জন্য যে- এত বড় যে নির্যাতন হয়েছে, গণহত্যা হয়েছে, তৎকালীন সময়ে এই যে পাকিস্তানি মিলিটারি জান্তা, এবং পাকিস্তান সরকারের রিপোর্টও বলেছে, অতিরিক্ত নির্যাতন করা হয়েছে। তারা মানবাধিকার লংঘন করেছে। তারা হিউম্যানিটারিয়ান যত ধরনের আইনকানুন, দেশিবিদেশি, সব লঙ্ঘন করেছে।

সিমলা চুক্তিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৯৫ সেনাকর্মকর্তার বিচারের ‘প্রতিশ্রুতির’ স্মরণ করিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ওয়াদা দিয়েছিল সিমলাতে- যারা মানবতাবিরোধী করেছে, সেই ১৯৫ জন, তাদের শাস্তি দেবে। তারা যেন তাদের কথা স্মরণ করে, আমি এটা আশা করব।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক ফোরামে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button