বাংলাদেশ

পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার।

প্রতিবছর দিবসটি পালনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, মহাজোটের শরীক দলসমূহ এবং ড. এমএ ওয়াজেদ ফাউন্ডেশন বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহা পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচী পালন করে থাকে।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন এই পরমাণুবিজ্ঞানী।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন ড. এমএ ওয়াজেদ মিয়া।  তার অনেক গবেষণামূলক ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন ওয়াজেদ মিয়া এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. এমএ ওয়াজেদ মিয়া।

তাদের ঘরে আলোকিত করেছেন সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

২০০৯ সালের ৯ মে পৃথিবীর মায়াত্যাগ করে পরপারে চলে যান এই পরমাণুবিজ্ঞানী। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, প্রয়াত পরমাণু বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ আসর গোপিনাথপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আলোচনা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button