বিশ্ব

বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসনপ্রত্যাশী আটক

অভিবাসনপ্রত্যাশায় সমুদ্রপথে ইউরোপে যাবার পথে বিভিন্ন দেশের প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বাহিনী। এসব লোকের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।

রোববার (৩ অক্টোবর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, অভিবাসনপ্রত্যশীদের বহনকারী নৌকাটি রোববার ধরা পড়ে এবং এর যাত্রীদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নামিয়ে দেওয়া হয়। তবে আটকানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, তা জানানো হয়নি।

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে ধরা পড়ার সবশেষ ঘটনাটি এটি। এর মাত্র একদিন আগে, অর্থাৎ গত শনিবার (২ অক্টোবর) ৯০ অভিবাসনপ্রত্যাশীকে ইউরোপ যাওয়ার পথে আটকায় লিবিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে আট নারী ও তিনটি শিশুও ছিল। তাদের ত্রিপোলিতে ফেরত পাঠানো হয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটি থেকে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে, সাগরে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।

এ ঘটনার আগের দিন (১ অক্টোবর) গারগারেশ শহর থেকে নারী-শিশুসহ প্রায় চার হাজার অভিবাসী বা ইউরোপে অভিবাসনপ্রত্যাশীকে আটক করে লিবিয়া সরকার। অবৈধ অভিবাসন ও মাদকপাচার রোধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোনো পাচারকারী বা মাদককারবারিকে আটকের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button