নোয়াম চমস্কিকে ফেসবুক লাইভে এনে তোপের মুখে বাংলাদেশের তরুণ

তানভীরুল মিরাজ রিপন চট্টগ্রামের এক তরুণ । কাজ করেন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ২০১৬ সালে কাজ শুরুর পর দেশ-বিদেশের দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
সর্বশেষ বুধবার (২৩ জুন) সকাল ১০টায় তার সঙ্গে লাইভে আসার কথা আধুনিক ভাষাতত্ত্বের জনক ও প্রখ্যাত দার্শনিক নোয়াম চমস্কির। এ নিয়ে খবরও প্রচার হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে।
কিন্তু বিব্রতকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্য না বুঝে ভুল করে বসেন রিপন। যথাসময়ে বুধবার ৯টায় লাইভে চলে আসেন নোয়াম চমস্কি। অন্যদিকে রিপন থাকেন অনুপস্থিত। দীর্ঘক্ষণ পেরোলেও তিনি উপস্থিত না হওয়ায় নোয়াম চমস্কিই মেইল করেন তাকে। অধৈর্য হয়ে চমস্কি মেইল করেন, ‘am waiting, Are we scheduled for now?’
প্রশ্নটা না বুঝেই সোশ্যাল মিডিয়ায় রিপন সবাইকে জানান ও ফেসবুক প্রফাইল থেকে শেয়ার দিয়ে বলেন, ‘চমস্কি ইন্টারভিউ এর জন্য অধীর আগ্রহে বসে আছেন!’ এরপর একঘণ্টা পরে লাইভে সংযুক্ত হয়ে কয়েকটি প্রশ্ন করেন মিরাজ রিপন। চমস্কি তার প্রশ্নের উত্তর সেই অর্থে দিতে অপারগ। কেননা তার অন্যত্র শিডিউল দেওয়া রয়েছে। ৫ মিনিটেই ওই লাইভ শেষ হয়ে যায়।
লাইভে এসেই নিজের মতো ভূমিকা টেনে নোয়াম চমস্কির কোনো কথা না শুনেই একের পর এক প্রশ্ন করতে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকা চমস্কি আয়োজক রিপনকে শুরুতেই বলেন, আজকে তার সময় নেই, অন্যসময় প্রোগ্রামের শিডিউল করতে। কিন্তু সেদিকে কর্ণপাত না করে প্রশ্ন করতে থাকেন রিপন। প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকারে চমস্কি বেশ কয়েকবার তার অসুবিধার কথা জানিয়ে লাইভ শেষ করেন।
এ বিষয় নিয়ে ফেসবুকে উত্তাপ। অনেকেই রিপনের এমন অব্যবস্থাপনার সমালোচনা করেছেন।তার বাচনভঙ্গি ও লাইভ চলাকালীন (হোস্টের) রুমের পরিবেশ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন আলোক ব্যবস্থাপনা নিয়েও। এ ঘটনায় দেশের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি একাধিক ফেসবুক ব্যবহারকারীর।
বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ওই তরুণকে উদ্দেশ করে লেখেন, আপনি লিখেছেন যে ‘নোয়াম চমস্কির আকস্মিক কিছু কর্মসূচির’ কারণে আপনার অনুষ্ঠানে থাকতে পারেননি। এটি মিথ্যা। আপনি নির্বোধের মতো ও ক্ষমার অযোগ্য ভুল করেছেন এবং তার (চমস্কি) ওপর দোষ না চাপিয়ে আপনার তা স্বীকার করা উচিত। এটি খুবই অনৈতিক। তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে হচ্ছে জেনেও আপনি যেভাবে অনুষ্ঠান চালিয়েছেন তা অত্যন্ত অসম্মানজনক ও বিব্রতকর।
মহিউদ্দিন মোহাম্মদ নামে এক ব্যক্তি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘এই কাণ্ডটা দেখে খুব মন খারাপ হয়েছে। বাঙালির সময়জ্ঞান যে এত কুৎসিতভাবে ফুটে উঠবে তা ভাবিনি। ছেলেটি, নোয়াম চমস্কির একটি ভিডিও সাক্ষাৎকার নিয়ে দেখিয়ে দিয়েছে যে, সৌজন্যতা ও ভদ্রতা আমাদের জন্য নয়। চমস্কি হয়তো নিতান্তই ভদ্রতার খাতিরে ছেলেটিকে সময় দিয়েছিলেন। কিন্তু চমস্কি অনুষ্ঠানে সঠিক সময়ে হাজির হলেও বাঙালি হাজির হয়েছে দেরিতে!
অনেকেই অনুরোধ করেছেন ভিডিওটি সরিয়ে দিতে। কারন বাঙালির সম্মানক্ষুন্ন হয়েছে এখানে।
পরে বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করেছেন তানভীরুল মিরাজ রিপন। তিনি বলেছেন, ‘আমি নিজের ব্যর্থতা স্বীকার করছি। তবে নোয়াম চমস্কি আমাকে ১০টার দিকে সময় দিয়েছিলেন। হয়তো আমার ভুল বা অন্য কোনো কারণে তিনি ৯টায় লাইভে চলে এসেছেন। আমি ৯টা ১৮ মিনিটে জয়েন করেছি। আজকে উনার সময় ছিল না। তবে উনি আবারও লাইভে আসবেন। ঘটনার পর আমার সঙ্গে উনার কথা হয়েছে।’



