নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় সেখানকার ওসি প্রত্যাহার

এবার নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।
তিনি জানিয়েছেন, ডিআইজি অফিস থেকে পাঠানো এক আদেশে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়। মঙ্গলবার এ আদেশ পাওয়ার পরই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
প্রত্যাহারের আদেশ পাওয়ার পরই বিকেলের মধ্যে ওসি হারুনের নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
গেল ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকায় স্থানীয় দেলোয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য এক নারীকে তার ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে।



