বাংলাদেশ

নির্যাতনের অভিযোগে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের

‘নির্যাতনের বর্ণনা’তুলে ধরে মামলা নিতে আদালতের কাছে আবেদন করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে কিশোর এ আবেদন করেন।

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বলেন, আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। আমি এ বিষয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতের কাছে মামলা নেয়ার আবেদন করেছি।

কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আটকের পর কিশোরকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। আমরা আজ আদালতে হেফাজতে নির্যাতন আইনে মামলা নিতে আবেদন করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয় পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। কিশোরের জামিন আবেদন এর আগে ছয়বার নাকচ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে কিশোর, লেখক মুশতাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক হন গত বছরের মে মাসে।

Related Articles

Leave a Reply

Back to top button