বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে দেওয়া অর্থ ফেরত চান ট্রাম্প

করোনা ভাইরাস সহায়তা তহবিল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ধনী এ বিশ্ববিদ্যালয় সহায়তা তহবিল থেকে অর্থ নেওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহায়তার অর্থ ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে।(বিবিসি)
মঙ্গলবার করোনা ভাইরাস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই হার্ভার্ড ওই অর্থ ফিরিয়ে দিক। যদি তারা ফিরিয়ে না দেন, তবে আমরা অন্য অনেক কিছু করতে পারব না।’
তিনি আরও বলেন, ‘তাদের এটা ফিরিয়ে দিতে হবে; এই অর্থ শ্রমিকদের জন্য। আমি এটা পছন্দ করছি না। তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাই তাদের এটা দিয়ে দেওয়া উচিত।’
পরে এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস সহায়তা, ত্রাণ ও অর্থনৈতিক নিরাপত্তা (কেয়ারস) আইনের অধীনে করোনা ভাইরাস তহবিল থেকে ৮৬ লাখ ডলার পেয়েছে। কিন্তু এগুলো তারা কোভিড-১৯ এর কারণে যেসব শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েছে তাদের জন্য ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা মহামারির কারণে সৃষ্ট হওয়া শিক্ষার্থীদের ‘জরুরি অর্থনৈতিক প্রয়োজন’ মেটাতে ব্যয় হবে।



