ফলোআপ

নিপুণের বিরুদ্ধে জায়েদের মামলা

অভিনেত্রী নিপুণ‌ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে, বৃহস্পতিবার জায়েদ খানের অন্যতম আইনজীবী আহসানুল করিম, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

তিনি গণমাধ্যমে বলেন, আপিল বিভাগের নিষেধাজ্ঞার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে।

আগামী সপ্তাহে আবেদনটির বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী আহসানুল করিম।

এদিকে,সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আর তার পরদিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) মামলাটি দুপুর দুইটায় শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Back to top button