বাংলাদেশ

নাইকো মামলা: খালেদা জিয়ার চার্জ শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আজ ১ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।

গত ১৯ জানুয়ারি বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাঁর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির জন্য ১ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। তাতে করে ৩২তম বারের মতো পিছিয়ে যায় চার্জ শুনানি।

এর আগে গত ৫ জানুয়ারি আলোচিত এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ওইদিনও তাঁর আইনজীবীর আবেদন মঞ্জুর করে ১৯ জানুয়ারি চার্জ শুনানির দিন ঠিক করেছিলেন একই বিচারক। এর আগেও আরও ৩১ বার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন।

পরে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান।

অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button