নতুন বছরেই প্রাক-প্রাথমিকের মেয়াদ হচ্ছে ২ বছর

আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির মেয়াদকাল ২ বছর করতে যাচ্ছে সরকার। তাতে করে ৪ বছর বয়স থেকেই শিশুদের এই শ্রেণিতে ভর্তি করা যাবে।
শুক্রবার (২৬ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাক-প্রাথমিক শ্রেণি দুই বছর মেয়াদী করার প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগামী বছর থেকেই পরীক্ষামূলকভাবে এর বাস্তবায়ন শুরু হবে।
মনসুরুল আলম আরও বলেন, ইতোমধ্যে আমরা কনসেপ্ট ডেভেলপ করেছি। সেখানেই বলা আছে কীভাবে কী করবো। আগামী সোমবার একটি ভার্চুয়াল সভা করে আমরা প্ল্যান চূড়ান্ত করবো।
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৫ বছরের বেশি বয়সী শিশুরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে এক বছর পড়াশোনা করে।
এ বিষয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আসছে বছর প্রথম দফায় দেশের ২ হাজার ৫৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ বছরের প্রাক-প্রাথমিক চালু করা হবে। পরের ৩ থেকে ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এ পদ্ধতি চালু হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, প্রাক-প্রাথমিক শ্রেণি ২ বছর করার আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাক্রম ও ক্ষুদে শিক্ষার্থীদের শিখন সামগ্রীর উন্নয়ন করবে। এছাড়া নতুন করে এই শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ ছাড়াও শিশুদের যত্ন নেয়ার জন্য প্রতি বিদ্যালয়ে একজন করে আয়া নিয়োগ দেয়া হবে।
সারা দেশে বর্তমানে প্রাথমিক পর্যায়ে পড়ালেকা করছে প্রায় পৌনে দুই কোটি শিশু। এরমধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬২০টি।



