স্পোর্টেইনমেন্ট

আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান। এ জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করলো আফগানিস্তান।

ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজ নিশ্চিতের লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন মুনিম শাহরিয়ার। এই তরুণ ওপেনার ১০ বল খেলে করেছেন ৪ রান। তিনে নেমে ১০ বল খেলে ১৩ রান করেন।

আরেক ওপেনার নাঈম শেখ এদিনও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। শুরুতে রশিদ খানের বলে একবার আম্পায়ার আউট দেয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান। শেষ পর্যন্ত ১৯ বলে ১৩ রান করে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন নাঈম।

চারে নামা সাকিব আল হাসানও ব্যর্থ । ৫০ পেরোনোর আগেই চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে হাল ধরেন। ১৪ বলে ২১ রান করে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। আর মুশফিকুর রহিম সাজঘরে ফিরেছেন ২৫ বলে ৩০ রান করে।

শেষ দিকে আফিফ হোসেন-মেহেদি হাসানরাও ব্যর্থ হলে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ফারুকি এবং ওমরজাই তিনটি করে উইকেট নেন।

জবাবে দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে ৯৯ (৮২ বলে) রানের অসাধারণ এক পার্টনারশিপ গড়ে আফগানদের জয়ের ভিত গড়ে দেন হজরতুল্লাহ জাজাই ও উসমান ঘানি।

ওপেনার জাজাই ৪৫ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ৫৯* রানের হার না মানা চমৎকার এক ইনিংস। উসমান ঘানিকে লিটন দাসের গ্লাভসবন্দি করে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার আগে ওয়ানডাউনে নামা উসমান ৪৮ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় উপহার দেন ৪৭ রানের দারুণ এক ক্রিকেটীয় ইনিংস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট ‍তুলে নিয়েছেন মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

Related Articles

Leave a Reply

Back to top button