চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির পর ধর্মঘট প্রত্যাহার

মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা।
শনিবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৫ টাকা মজুরি নির্ধারণের বিষয়টি মেনে নেন উপস্থিত চা শ্রমিক নেতারা।
এরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় তিনি কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষাঙ্গিক সুবিধাদি প্রদানের দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এসময় বিভিন্ন চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে টানা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে চা শ্রমিকরা। আজ শনিবার ছিলো এ কর্মসূচির ৮ম দিন।



