নকল ও নিম্নমানের সার্জিক্যাল মাস্ক: র্যাবের অভিযানে জরিমানা

নকল ও নিম্নমানের মাস্ক তৈরি ও বিক্রি করায় রাজধানীর নয়াবাজার এবং মিটফোর্ড এলাকার দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর নয়াবাজার এবং মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে নয়াবাজারের ‘ভাই ভাই প্লাস্টিক প্রোডাক্টস’কে ৭৫ হাজার টাকা এবং মিডফোর্ড এলাকার ‘তামান্না ড্রাগ হাউজ’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর থেকে এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে দেখতে পেয়েছি, নকল সার্জিক্যাল মাস্ক মজুত করে রেখেছে তারা। ব্যবহৃত মাস্ক পুনরায় লন্ড্রি করে আবারও বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, অত্যন্ত নোংরা পরিবেশে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক তৈরি করা হচ্ছিল।’
এ সময় তিনি আরো জানান, নয়াবাজার ও মিডফোর্ড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি ও গাড়ি নিয়ে বের হওয়ার অভিযোগে ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



