দ্য হান্ড্রেডে সুযোগ মেলেনি টাইগার্সদের

শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। এবার ১০০ বলের ফরম্যাটের টুর্নামেন্টটির দ্বিতীয় আসর বসতে যাচ্ছে ইংল্যান্ডে। আর এই ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার। কিন্তু তারা কেউই এই দ্য হান্ড্রেডে জায়গা পাননি।
এই ড্রাফটে নাম দিয়েছিল ২৮৪ জন ক্রিকেটার। এ থেকে দল পেয়েছেন মোট ১৭ জন বিদেশি ক্রিকেটার। এর বাইরে আর কারও দল পাওয়ার সুযোগ ছিল না।
সোমবার (৪ এপ্রিল) ড্রাফটের আয়োজন করেছিল ইসিবি। আর মঙ্গলবার স্কোয়াড প্রকাশ করা হয়েছে। তবে এবার ড্রাফটে নাম দিয়েছিলেন মোট ১০ জন বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার ও আবু হায়দার রনি।
আগামী ৩ আগস্ট শুরু হবে দ্য হান্ড্রেড। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।



