বাংলাদেশ

দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত হবে আইসিটি: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত হবে আইসিটি, এমনটাই জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে চট্রগ্রামে ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বছরে ৫ বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন না, বাস্তব। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা গ্রহণ করছে। ঘরে ঘরে এখন মানুষ ডিজিটাল সেবার সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, ই-কমার্স আজ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে ই-কমার্সের কর্মীরা মানুষের ঘরে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় এ সম্ভাবনাময় খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ই-কমার্সের সেবা বিশ্বমানের করার জন্য ব্যবসায়ীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে ব্যবসায়ীদের দক্ষতা বাড়বে এবং ই-বাণিজ্য সেবার মান বাড়বে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে একের পর এক তা বাস্তবায়ন করছেন। দেশকে ভালবেসে প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button