হাইকোর্টের প্রথম ভার্চুয়াল শুনানিতে ডলফিন রক্ষার আদেশ

চট্টগ্রাম জেলার হালদা নদীতে ডলফিন রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হালদার ডলফিন রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে জানাতে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দেশে ভার্চুয়াল কোর্টে উচ্চ আদালতে এটিই প্রথম আদেশ।
এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, হালদা নদীতে ডলফিন রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোট। একইসঙ্গে গৃহিত পদক্ষেপগুলো আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে হালদা নদীতে অবাধে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে গতকাল সোমবার হাইকোটে জনস্বার্থে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন।
রিট আবেদনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক (চট্টগ্রাম বিভাগ) এবং চট্টগ্রামের রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিবাদী করা হয়।
ই-মেইলে করা ওই রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে দেয়া হয় বলেও জানান রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম।



