বাংলাদেশ

ডিজেলের লিটার ১১৪, অকটেন ১৩৫, পেট্রল ১৩০ টাকা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার।

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এখন ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য হবে প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা।

নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম ৮০ টাকা থেকে ৪২ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। আর পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ৫১ দশমিক ১৬ এবং অকটেনের দাম ৮৯ টাকা থেকে ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।

গতকাল রাতে বিদ্যুৎ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বলা হয়, শুক্রবার রাত ১২টার পর এ দাম কার্যকর হবে।

ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

এদিকে, তেলের দাম বাড়ার কথা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল রাত ১২টার আগেই রাজধানীর বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে তেল কিনতে আসা যানবাহন-চালকেরা বিপাকে পড়েন। তেল না পেয়ে তাঁরা বিক্ষোভ দেখিয়ে সড়ক অবরোধ করেন। কয়েকটি পাম্পে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মোটরসাইকেল, প্রাইভেট কার, পিকআপসহ বিভিন্ন যানবাহন-চালকদের হাতাহাতির ঘটনাও ঘটেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, যত দিন সম্ভব ছিল, তত দিন সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ানোর চিন্তা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা সমন্বয় করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা এডজাস্টমেন্টে যেতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button