স্পোর্টেইনমেন্ট

ব্যাটে-বলে ব্যর্থতায় হারলো বাংলাদেশ

ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ৩৫ রানে হেরেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন শরিফুল। ১ টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাকিব ও মোসাদ্দেক।

১৯৪ রানের জবাবে খেলতে  নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকাইয়ের টানা দুই বলে সাজঘরে ফেরত যান দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। মিডল স্টাম্পে পড়া গুড লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান লিটন। ৪ বলে তার ব্যাট থেকে আসে ৫ রান।

লিটনের আউটের ঠিক পরের বলেই আউট হন এনামুল হক বিজয়ও। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে যান তিনি। ব্যাটে লেগে সেটি চলে আসে স্টাম্পে। ৪ বলে ৩ রান করেন বিজয়। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে আশা দেখান তিনি। এরপর ৭ বলে ১১ রান করে স্মিথের বলে ম্যাকাইইয়ের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান।

দুজন মিলে গড়েন ৫৫ রানের জুটি। তবে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানের তালুবন্ধি হয়ে সাজঘরে ফিরতে হয় আফিফকে। ইনিংসের প্রায় পুরোটা সময় ক্রিজে থাকলেও সাকিব আল হাসানের ইনিংস বেশির ভাগ সময়ই ছিলো উদ্দেশ্যেহীন।

ম্যাচের শেষ অবধি ৫ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেনকে নিয়ে শেষদিকে চেষ্টা করলেও তাতে কেবল রানের ব্যবধানই কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button