দেশে আর অভাব নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশে আর অভাব নেই।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আগের দিনের মতো বাসি ভাত এখন আর পাওয়া যায় না। আর এটাই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারিশমা।
শুধু বিএনপি শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখে না, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, মিথ্যাচার করাই বিএনপির কাজ। মিথ্যাচারে একে অপরকে টপকাতে বেশিরভাগ নেতা মিথ্যাচার করেন। মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই তারা নির্বাচন চান না। তারা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চায়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মী যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতিকে টিকিয়ে রেখেছেন তাদেরকেই পদে আনা হবে।
এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চু্যয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।



