দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, আট জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আজ সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। গড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ থেকে ৭ ডিগ্রিতে আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রোববারের চেয়ে আজ সারাদেশে তাপমাত্রা কমেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তারলাভ করতে পারে।
সাধারণত বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।



