দেশ গঠনের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসংখ্য ঘাত-প্রতিঘাত ও জীবনের ঝুঁকি নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য।
আজ ১৭ তারিখ সোমবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রচিত ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে, স্পিকার এসব কথা বলেন। এ সময় স্পিকার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বইটির মোড়ক উন্মোচন করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্রন্থ রচনা একটি দুঃসাহসিক অভিযান। অসংখ্য ঘাত-প্রতিঘাত ও জীবনের ঝুঁকি নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা এই নেত্রী সত্যিই বিরল ও অনন্য। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠক অনুধাবন করতে পারবেন যে শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য। বাংলা ও ইংরেজি দুটি ভাষায় বইটি প্রকাশিত হচ্ছে, যা পাঠকদের জন্য যুগোপযোগী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনকে ধারণ করে, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে জাতির পিতা সংগ্রাম করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকন্যা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বাংলার মানুষ ও উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন, গণতন্ত্রের প্রতি একনিষ্ঠতা ইত্যাদি বিষয়গুলো সবকিছুকে ছাপিয়ে যায়। একদিকে বঙ্গবন্ধুকন্যা হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার পথ দেখিয়ে দিচ্ছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাঁর পিতার দেখানো পথে এগোচ্ছেন, অন্যদিকে এগারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সারা বাংলাদেশে ভূমিহীন-গৃহহীনদের জন্য ৯ লাখ ঘর তৈরির পরিকল্পনা তিনি বাস্তবায়ন করছেন। অর্থনৈতিক পরিকল্পনাগুলো যেন সকল মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, সে লক্ষ্যে তিনি কাজ করছেন।



