উদ্বোধনের দিনই ট্রেন চলবে পদ্মাসেতু দিয়ে: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর যখন পদ্মাসেতু চালু হবে সেদিনই সেতুর উপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।
মঙ্গলবার (০৪ মে) রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর মাওয়া প্রান্ত পদ্মাসেতুর সঙ্গে সংযোগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে রেলসেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলের কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। চার রেল স্টেশনের বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।
পরিদর্শনকালে রেলমন্ত্রী আরো বলেন, পদ্মাসেতুতে রেল অংশটি ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত ধরা আছে। তবে আগামী বছর পদ্মাসেতু উদ্বোধনের দিনে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু অগ্রাধিকারভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী দ্রুত কাজ চলমান।
রেলমন্ত্রী উল্লেখ করেন, করোনা ও লকডাউনের মধ্যেও প্রকল্পের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চলমান। মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সঙ্গে সংযোগ ভায়াডাক্ট-২ সংযোগ স্থাপিত হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, এপ্রিল ২০২১ পর্যন্ত মাওয়া থেকে ভাঙ্গা সেকশনের সার্বিক অগ্রগতি ৬৬ শতাংশ এবং সম্পূর্ণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪১ দশমিক ৫৯ শতাংশ।



