তৈমূরকে মিষ্টি খাওয়ালেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেলেন।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় যান তিনি। এ সময় দুই প্রার্থীর পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারপর তৈমূরকে মিষ্টিমুখ করান বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
আইভী সাংবাদিকদের বলেন, আমরা একই এলাকার ও একই পরিবারের সদস্য। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে চাই আমি।
নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে তৈমূর আলম বলেন, তার সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক। আইভীর পরিবারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এজন্যই কুশল বিনিময়। এ সময় আইভীর মাথায় হাত রেখে দোয়া করেন তৈমূর।
আইভীও বলেন, তৈমূর তাঁর পরিবারেরই সদস্য, এজন্যই মিষ্টি নিয়ে এসেছেন। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। এ সময় দুই প্রার্থীকে একই সঙ্গে বসে থাকতে দেখা গেছে।
গতকাল রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।



