রোববার ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ দিনের সরকারি সফরে রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় তিনি নিজের উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও সদরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির সফরের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
সফরসূচি অনুযায়ী জানা গেছে, রোববার বিকেলে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন। বিকেল সাড়ে ৪টায় মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি।
সন্ধ্যা ৭টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন রাত্র যাপন করবেন মিঠামইনের কামালপুরে অবস্থিত বাড়িতে।
পরদিন সোমবার বেলা ১১টায় মিঠামইনে এবং বিকেল সাড়ে ৩টায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় শেষে মিঠামইনে নিজ বাড়িতে রাত্র যাপন করবেন তিনি।
মঙ্গলবার মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শনসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার দুপুর আড়াউটায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



