ঢাকায় পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহাদ আল সৌদ একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। সফরে বাংলাদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।
আগামীকাল বুধবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণে সংলাপের মূল আলোচ্য বিষয়। এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে।
সেসঙ্গে এ সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। এরই মধ্যে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেপ, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধশিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বিনিয়োগকারীরা।
পাশাপাশি, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। এই রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী, আগামীকাল বুধবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা ছাড়বেন।



