ফলোআপ

মিজানকে ৩, বাছিরকে ৮ বছর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বরখাস্ত হওয়া বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছর এবং দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে, আলোচিত মামলাটির এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

আদলতের রায়ে মিজানকে ৩ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দিলেও বাছিরকে একটি ধারায় ৩ বছর, আরেক ধারায় ৫ বছর সাজা দেয়া হয়েছে। শুধু কারাভোগই নয়, সঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাছিরকে।

মিজান ও বাছিরের রায় ঘোষণার পর ডিভিশন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। সেটির শুনানি হলেও তাৎক্ষনিকভাবে কোনো রায় দেননি বিচারক।

আদালতে আসামি পক্ষের হয়ে শুনানি করেন এহসানুল হক সমাজী ও আবুল হাসেম ভূঁইয়া। আর তাদের বিপক্ষে ডিভিশন বাতিল চেয়ে শুনানি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

রায় শোনার সময় ডিআইজি মিজানকে হাসিখুশি দেখালেও দুদকের বাছিরকে বেশ বিমর্ষ দেখাচ্ছিলো। মিজানের পক্ষে আইনজীবী আবুল হাসেম বলেন, ‘চার বছর ধরে মিজান কারাগারে আছেন। তাই তার সাজা স্বাভাবিকভাবে আর নেই। সাজা খাটা শেষ হয়েছে।’

তবে আসামিদের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, আবুল হাসেম ভূঁইয়া ও গোলাম মহিউদ্দিন প্রিন্স জানান, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আজ রায়ের দিন ধার্য করেন। গত ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুনানি শেষে মিজান ও বাছিরের সর্বোচ্চ শাস্তি দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে, ২০২০ সালের ১৮ মার্চ দুদকের করা মামলায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়। এবং ওই বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০২০ সালের ১৯ জানুয়ারি দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Back to top button