বাংলাদেশ

‘ডোপ টেস্টে’ চাকরি হারাচ্ছেন পুলিশ সদস্যরা

মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় (ডোপ টেস্ট) ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়াও সাময়িক বরখাস্ত করা হয়েছে ১৮ জন পুলিশ সদস্যকে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কেবল মাদক সেবন নয়, মাদক ব্যবসার সাথে জড়িত থাকা, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মত অভিযোগও রয়েছে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে।

বর্তমান পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন। তাতে এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, তাদের মধ্যে ৭ জন পুলিশের উপ পরিদর্শক (এসআই), একজন সার্জেন্ট, ৫ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button